ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দশজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে শৈলকুপা পৌর এলাকার খালধারপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে ওই গ্রামের রিপন হোসেন একই গ্রামের শাহজাহানের দোকানে চা পান করতে যান। ওই সময় আগের বকেয়া টাকা পরিশোধ না করায় নতুন করে বাকিতে চা দিতে অস্বীকার করেন দোকানি শাহজাহান। এ নিয়ে রিপন ও শাহজাহানের মধ্যে প্রথমে তর্কবিতর্ক ও পরে হাতাহাতি হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত দশজন আহত হন।
আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ জানান, আহতদের মধ্যে দুই-একজনের অবস্থা কিছুটা গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পর্যবেক্ষণ করা হচ্ছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, বাকিতে চা বিক্রি করা নিয়ে দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।