ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের ঝিকরগাছা পৌরসভার তিন হাজার ৮৫টি পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মে) ভোর ৫টা থেকে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসা প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
কর্মসূচির উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ। এসময় উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর ও ট্যাগ অফিসার দুলাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী সচিব সন্তোষ কুমার হাজরা এবং অফিস সহকারী কামারুজ্জামান টিটো।
পৌরসভা সূত্র জানিয়েছে, মোট ৩০ টন ৮৫০ কেজি চাল বিতরণ করা হয়েছে। পৌরসভার নয়টি ওয়ার্ডের তিন হাজার ৮৫ জন নারী-পুরুষ পরিবারে দশ কেজি করে চাল প্রদান করা হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলে।
এর আওতায় উপজেলা ও পৌর বিএনপির তালিকায় এক হাজার ৭০০, জামায়াতের তালিকায় ৬০০ এবং অন্যান্য তালিকায় ৭৮৫ পরিবার এ সহায়তা পেয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে সরকার এ ভিজিএফ কর্মসূচি বাস্তবায়ন করছে।