আসছে আরও এক লাখ ৪১ হাজার টন ডিজেল
সুবর্ণভূমি ডেস্ক
বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি পরিশোধিত জ্বালানি এই মুহূর্তে মজুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এদিকে, আরও এক লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে চারটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে।
শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বা ইআরএল পরিদর্শন শেষে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ‘জ্বালানির কোনো ধরনের ঘাটতি নেই’ এবং সরকার সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
এপ্রিল এবং মে মাসের যে অভ্যন্তরীণ চাহিদা, তার বিপরীতে পর্যাপ্ত জ্বালানি তেল ইতিমধ্যেই মজুত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
অমিত বলেন, ‘এপ্রিল এবং মে মাসের জ্বালানি চাহিদা পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে। এখন আমরা মূলত জুন মাসের সম্ভাব্য চাহিদা মেটাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি।’
জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকার এখন একক কোনো উৎসের ওপর নির্ভর না করে বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত তেল আমদানির ওপর জোর দিচ্ছে বলেও জানান তিনি।
ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন বন্ধ হওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘সাময়িকভাবে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি (উৎপাদন সক্ষমতা) কিছুটা কম্প্রোমাইজড হয়েছে।’ তবে এর জন্য জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না বলেও দাবি করেন তিনি।
আসছে বিপুল পরিমাণ ডিজেল
মধ্যপ্রাচ্যে সংঘাত পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ডিজেল নিয়ে চারটি জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। এসব ট্যাংকারে মোট এক লাখ ৪১ হাজার টন ডিজেল বহন করা হচ্ছে, যা দিয়ে দেশের প্রায় ১২ দিনের জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব হবে।
এর মধ্যে শুক্রবার (১৭ এপ্রিল) তিনটি ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছানোর কথা রয়েছে। বাকি আরেকটি ট্যাংকার আগামী রোববার এসে পৌঁছাবে বলে জানা গেছে।
জানা গেছে, শুক্রবার এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু- এ তিনটি ট্যাংকার বন্দরে ভিড়বে। আর এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি ট্যাংকার রোববার পৌঁছানোর কথা রয়েছে।
চারটি ট্যাংকারের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব ট্যাংকার জাহাজ বন্দরে পৌঁছাবে এবং নির্দিষ্ট সময়ে খালাস শুরু হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে দৈনিক ডিজেলের চাহিদা সাড়ে ১২ হাজার টন। সেই হিসাবে, নতুন আসা এ ডিজেল দিয়ে ১২ দিনের চাহিদা মেটানো যাবে।