যশোরে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
স্টাফ রিপোর্টার
, যশোর
সারাদেশের সঙ্গে একযোগে যশোরেও নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে যশোরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
শনিবার বিকেল ৪টায় যশোর শামস উল হুদা স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেন, ক্রীড়াঙ্গনের ভিত্তি গড়ে ওঠে স্কুলপর্যায় থেকে। তারই অংশ হিসেবে সারাদেশে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে নতুন কুঁড়ি দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখলেও প্রথমবারের মতো বিস্তৃতি ঘটলো ক্রীড়াক্ষেত্রেও। এর ফলশ্রুতিতে আগামী পাঁচ বছরের মধ্যে ক্রীড়াঙ্গনের চিত্র বদলে যাবে।
এদিকে, দেশে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা চালু করায় খুশি খুদে খেলোয়াড় ও কোর্সরা। তারা বলেন, সরকারের উদ্যোগের মধ্য দিয়ে প্রত্যন্ত অঞ্চলের প্রকৃত খেলোয়াড়রা উঠে আসবে। এতে ক্রীড়াঙ্গন আরো একধাপ এগিয়ে যাবে।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ও কিশোর-কিশোরীরা উপস্থিত ছিলেন।