যশোর, বাংলাদেশ || সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সম্পাদকীয়

যশোর জেনারেল হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ দ্রুত সম্পন্ন করুন

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৯:০০ এ এম
যশোর জেনারেল হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ দ্রুত সম্পন্ন করুন

চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকের জন্য সহজলভ্য, মানসম্মত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করা। কিন্তু সেই দায়িত্ব পালনে অবহেলা, অব্যবস্থাপনা ও পরিকল্পনার ঘাটতি থাকলে একটি হাসপাতাল কীভাবে জনদুর্ভোগের কেন্দ্রে পরিণত হতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ যশোর জেনারেল হাসপাতাল। বৃহত্তর যশোর অঞ্চলের লাখো মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল এই হাসপাতাল এখন শয্যা, চিকিৎসক, নার্স, ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকটে কার্যত বিপর্যস্ত। সুবর্ণভূমিতে প্রকাশিত প্রতিবেদনটি এই অঞ্চলে সরকারি স্বাস্থ্যব্যবস্থার সীমাবদ্ধতা ও জবাবদিহির অভাব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

আড়াইশ’ শয্যার হাসপাতালকে অতিরিক্ত ১১০টি শয্যা যুক্ত করে ৩৬০ শয্যায় উন্নীত করা হয়েছে। কিন্তু প্রতিদিন ৬০০ থেকে ৭০০, কখনো ৯০০ রোগী ভর্তি থাকছেন। রোগীদের জায়গা হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দা, করিডোর এমনকি সিঁড়িতেও। ছয় শয্যার সংক্রামক ওয়ার্ডে ৮৫ জন রোগীর চিকিৎসা নেওয়ার তথ্য পরিস্থিতির ভয়াবহতা বুঝতে যথেষ্ট। এমন পরিবেশে সংক্রমণের ঝুঁকি বাড়ার পাশাপাশি রোগীদের স্বাভাবিক চিকিৎসা ও বিশ্রামের সুযোগও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালটি শুধু যশোর জেলার নয়, আশপাশের জেলার রোগীরাও এখানে চিকিৎসা নিতে আসেন। ফলে এর ওপর বাড়তি চাপ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু দীর্ঘদিনের এই বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল নিশ্চিত না করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনাগত ব্যর্থতা।

শয্যা সংকটের পাশাপাশি চিকিৎসক ও সহায়ক জনবলের ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করেছে। অনুমোদিত ৬৮টি চিকিৎসক পদের ১১টি শূন্য। গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ পদে চিকিৎসক নেই। নার্স ও অন্যান্য সহায়ক পদেও শূন্যতা রয়েছে। ৪৭টি সহায়ক পদ স্বেচ্ছাসেবক দিয়ে চালানোর তথ্য সরকারি প্রতিষ্ঠানের জনবল ব্যবস্থাপনার দুর্বলতাই প্রকাশ করে। স্বেচ্ছাসেবকেরা সাময়িকভাবে সহযোগিতা করতে পারেন, কিন্তু তাদের দিয়ে নিয়মিত ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করানো কোনো স্থায়ী সমাধান হতে পারে না।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বিশেষজ্ঞ চিকিৎসকদের দায়িত্ব পালন নিয়ে ওঠা অভিযোগ। বিশেষজ্ঞদের অনিয়মিত উপস্থিতি, ইন্টার্ন চিকিৎসকদের ওপর অতিরিক্ত নির্ভরতা, সময়মতো চিকিৎসা না পাওয়া এবং অপ্রয়োজনে রোগী রেফার করার অভিযোগগুলো নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। ইন্টার্ন চিকিৎসকেরা চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ অংশ হলেও তাদের ওপর পুরো ব্যবস্থার দায়িত্ব চাপিয়ে দেওয়া অনুচিত ও ঝুঁকিপূর্ণ। একইভাবে, কোনো রোগীর মৃত্যু বা চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠলে তা আবেগ কিংবা পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে যথাযথ তদন্ত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। চিকিৎসাসেবায় অবহেলার দায় কোনোভাবেই প্রশাসনিক জটিলতার আড়ালে ঢাকা থাকতে পারে না।

এদিকে, আড়াইশ’ শয্যার বিপরীতে সরকারি বরাদ্দ অপরিবর্তিত থাকায় ওষুধ, খাবার ও পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রেও সংকট তৈরি হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা করাতে রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। ল্যাবরেটরিতে কেমিক্যালের অভাবে অর্ধেকের বেশি পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। দরিদ্র ও নিম্নবিত্ত রোগীদের জন্য এটি বাড়তি আর্থিক চাপ, অনেক ক্ষেত্রে চিকিৎসা পাওয়ার পথে বড় বাধা।

এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রথমেই হাসপাতালের প্রকৃত রোগীর চাপ বিবেচনায় নিয়ে শয্যা ও বাজেট বাড়াতে হবে। ৫০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে শূন্য পদে নিয়োগ, প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন, নার্স ও টেকনোলজিস্ট নিয়োগ এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা জরুরি। চিকিৎসকদের উপস্থিতি ও দায়িত্ব পালনে কার্যকর নজরদারি, অভিযোগ গ্রহণের স্বচ্ছ ব্যবস্থা এবং নিয়মিত জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। যশোর জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজের দ্বৈতশাসনজনিত জটিলতারও অবসান প্রয়োজন।

হাসপাতাল কেবল ভবন, শয্যা কিংবা যন্ত্রপাতির সমষ্টি নয়; এর মূল শক্তি দক্ষ জনবল, দায়িত্বশীল ব্যবস্থাপনা এবং মানবিক চিকিৎসাসেবা। যশোর জেনারেল হাসপাতালের বর্তমান সংকটকে সাময়িক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি জনস্বাস্থ্যের জন্য একটি সতর্কবার্তা। মানুষের অসুস্থতা যেন হাসপাতালের অব্যবস্থাপনার কারণে আরও বড় দুর্ভোগে পরিণত না হয়। যশোরবাসীর চিকিৎসার অধিকার নিশ্চিত করতে হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার সরকারি উদ্যোগ ত্বরান্বিত করুন। একইসাথে জনবল সংকট ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি তদন্তসাপেক্ষে সুরাহা করুন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)