সুবর্ণভূমি ডেস্ক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক প্রবাসীর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় চলে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে দ্বিতীয় স্ত্রীর স্বজনরা এ ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে।
গত রবিবার (২ আগস্ট) সকালে উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেজুরতলা গ্রামের মৃত রমজান আলির ছেলে রফিউদ্দিন প্রথমে একই গ্রামের সহিদুল ইসলামের মেয়ে ছনিয়া খাতুনকে বিয়ে করেন। পরে দীর্ঘদিন মালয়েশিয়ায় অবস্থানকালে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, একপর্যায়ে ছনিয়া খাতুন এক ইতালিপ্রবাসীর সঙ্গে চলে যান। পরবর্তী সময়ে বিষয়টি থানায় সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয় এবং ছনিয়া ওই ব্যক্তির সঙ্গেই থেকে যান।
এরপর দেশে ফিরে রফিউদ্দিন একই গ্রামের মুকুল হোসেনের মেয়ে রিমা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। প্রায় এক বছর সংসার করার পর তিনি প্রথম স্ত্রী ছনিয়া খাতুনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করেন এবং তাকে নিয়ে মালয়েশিয়ায় চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত রবিবার সকাল ১০টার দিকে দ্বিতীয় স্ত্রী রিমা খাতুনের স্বজনরা বুলডোজার দিয়ে প্রবাসীর বাড়িটি সম্পূর্ণ ভেঙে ফেলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য বোরহান উদ্দিন বলেন, মুকুল হোসেনের মেয়ে অত্যন্ত ভদ্র ও অমায়িক। তার সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি। তবে ক্ষোভের বশে বাড়ি ভাঙচুর না করে আইনি ব্যবস্থা নেওয়াটাই সমীচীন ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল জানান, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।