স্টাফ রিপোর্টার
, যশোর
এসির তার কাটার চেষ্টার অভিযোগে সাকিব হোসেন (১৯) এবং যশোর জেনারেল হাসপাতাল থেকে রোগীর জিনিসপত্র চুরির অভিযোগে শিউলি আকতার (৪০) নামে দুইজনকে একদিনের বিচারে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত।
সোমবার (১০ আগস্ট) সামারি কোর্টের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল বিভিন্ন মেয়াদের ওই সাজা দেন।
আদালতে সূত্রে জানাগেছে, যশোর শহরের চোপদারপাড়া আকবরের মোড়ের তরিকুল ফকিরের ছেলে সাকিব হোসেন (১৯) সোমবার সকালে যশোরের বেজপাড়ার গণপূর্ত বিভাগ-২ এর প্রকৌশলীর কার্যালয়ে এসির তার চুরির চেষ্টা করতে যায়। সে সময় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। এসআই জুয়েল হোসেন তাকে আটক করে আদালতে সোপর্দ করে। বিচারক আসামি সাকিবকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের সাজা ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
কিন্তু সাকিবের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ‘সাকিব যশোর নতুন বাজারের জনির গ্যারেজের শ্রমিক সকালে গ্যারেজে যাওয়ার পথে চোপদারপাড়ার আকবরের মোড়ের চিহ্নিত চোর হিসেবে পরিচিত রমজানের সাথে দেখা হয়। রমজান তার বাইসাইকেল আটকে রেখে বলে গণপূর্ত অফিসের ভেতরে তার একটি মোটরসাইকেল রাখা আছে, সেটি নিয়ে আসার জন্য বলে। সাকিব তার কথা মতো ওই অফিসে যায়। সেখানকার লোকজন সন্দেহজনক হিসেবে তাকে আটক করে পুলিশে দেয়। সাকিব চুরির সাথে জড়িত না। ’
অন্যদিকে ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত কালু মিয়ার স্ত্রী শিউলী আকতার সোমবার সকালে যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগের সেবা নিতে আসা একজন রুগীর কাছ থেকে সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা করে। সে সময় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত শিউলি আকতারকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।