স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের বাঘারপাড়া উপজেলায় জহুরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলামের বিরুদ্ধে ওই ইউনিয়নের মাঝিয়ালি গ্রামের বাসিন্দা নারায়ণ চন্দ্র রায় কে মারপিটের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভয়ে নারায়ণ চন্দ্র রায় এখন বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
এ বিষয়ে বুধবার (১৩ মে) যশোর জেলা বিএনপির সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
নারায়নের ‘অপরাধ’ তিনি একটি মারামারির ঘটনায় তার প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। থানায় দেওয়া অভিযোগটি তুলে নেওয়ার জন্য মনিরুল ইসলাম তাকে হুমকি দিচ্ছেন বলে নারায়ন রাজনৈতিক দলের কাছে এর প্রতিকার দাবি করেছেন।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এ বিষয়ে জানিয়েছেন, ‘অভিযোগটি সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়ার জন্য ভুক্তভোগীকে বলা হয়েছিল। কিন্তু অভিযোগটি তিনি আমাকে দিয়েছেন। বিষয়টি দেখা হবে।’
নারায়ন চন্দ্র রায় তার অভিযোগে লিখেছেন, গত ১০ এপ্রিল একই গ্রামের দীপংকর রায় ও তার সহযোগীরা নারায়ণ চন্দ্র রায়ের বাড়িতে হামলা করে ভাংচুর, লুটপাট ও বাড়ির লোকজনদের মারপিট করে। এ ঘটনায় নারায়ণ চন্দ্র বাঘারপাড়া থানায় একটি অভিযোগ দেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। দীপংকর রায়ের পক্ষ নিয়ে জহুরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম নানাভাবে নারায়ণ চন্দ্রকে হুমকি দিচ্ছেন।
বর্তমানে মনিরুল ইসলামের ভয়ে নারায়ণ চন্দ্র বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি অবিলম্বে থানায় করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা এবং জেলা বিএনপির কাছে দেওয়া অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।