দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোশারাফ হোসেন মশু আর নেই।
শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে শহরের ইটাগাছায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মোশারাফ হোসেন মশু সম্মুখসমরে অংশ নেন। পারুলিয়া, আশাশুনি ও পাইকগাছা এলাকায় হানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন।
শনিবার বিকেলে পারুলিয়ায় নিজ বাসভবনে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহার নেতৃত্বে দেবহাটা থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
পরে মাঝ পারুলিয়া ঈদগাহে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মাবুদ গাজীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় উপস্থিত ছিলেন।
জানাজা শেষে মোশারাফ হোসেন মশুর মরদেহ পারুলিয়ার সরদার বাড়ি পারিবারিক কবরস্থানে নেওয়া হয়। পরে সেখানে তাকে দাফন করা হয়।