সাতক্ষীরা প্রতিনিধি
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দীর্ঘ প্রতীক্ষার পর এককালীন আর্থিক সুবিধার অর্থ হাতে পেয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা যায়। অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে যুক্ত হয়ে সারাদেশে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি শিক্ষকদের জাতি গঠনের কারিগর হিসেবে উল্লেখ করে তাদের অবসরকালীন পাওনা যথাসময়ে পরিশোধের গুরুত্বের কথা বলেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবির।
এছাড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, সুধী সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন উপজেলা থেকে আগত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।