কালিয়া ( নড়াইল) প্রতিনিধি
দীর্ঘদিনের জলাবদ্ধতা, কৃষিজমির ক্ষতি নিরসনে নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নে সুবলের খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের ঋষিবাড়ি থেকে প্রধান সড়ক অভিমুখী খালটির পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, জনগণের দৈনন্দিন সমস্যার বাস্তব সমাধানেই এ ধরনের উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং কৃষিনির্ভর অর্থনীতিকে টেকসই করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বছরের পর বছর খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে পানি জমে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হতো। অনেক এলাকায় সৃষ্টি হতো জলাবদ্ধতা। ফলে চরম দুর্ভোগে পড়তেন কৃষক ও সাধারণ মানুষ। পুনঃখননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এসময় নড়াইল জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আর্মস্ট্রং, উপজেলা শ্রমিকদলের সভাপতি মিলন চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ ফরিদ হোসেনসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।