লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
ঈদের দিনে নড়াইলের লোহাগড়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির গাজী (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় শওকত হোসেন (১৯) নামে মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে উপজেলার কালনা-যশোর মহাসড়কের আলমুন্সির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাব্বির গাজী যশোর জেলার অভয়নগর থানার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে এবং আহত শওকত হোসেন একই গ্রামের রিপন গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ উপভোগ করতে সাব্বির ও শওকত নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা মধুমতি সেতু দেখতে এসেছিলেন। সেতু এলাকা ঘুরে মোটরসাইকেলযোগে যশোরের অভয়নগরের নিজ বাড়িতে ফেরার পথে বিকেল ৩টার দিকে মহাসড়কের আলা মুন্সির মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা কালনা অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলের চালক সাব্বির ও আরোহী শওকত দু'জনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় শওকতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।