স্টাফ রিপোর্টার
, যশোর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোর ও নড়াইল জেলায় সর্বোচ্চ সতর্কতা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৬। কোরবানির পশুর হাট, ঈদের জামাত, চামড়া বেচাকেনা কেন্দ্র, রেলস্টেশন এবং বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জোরদার করা হয়েছে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে যশোরের ঐতিহ্যবাহী রাজারহাট পশুর হাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-৬, যশোরের কোম্পানি অধিনায়ক মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স।
প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার জানান, ঈদকে কেন্দ্র করে যশোর ও নড়াইল জেলার পশুর হাটগুলোতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অপতৎপরতা, অজ্ঞান পার্টি বা মলম পার্টির খপ্পর থেকে ক্রেতা-বিক্রেতাদের রক্ষা করতে র্যাব সদস্যরা নিয়মিত টহল পরিচালনা করছেন।
এরই অংশ হিসেবে রাজারহাট ও বকচর পশুর হাটে বিশেষ পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে হাটে টাকা লেনদেনে প্রতারণা এড়াতে র্যাবের পক্ষ থেকে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে।
মেজর ফজলে রাব্বী আরও বলেন, ঈদে ঘরে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অতিরিক্ত ভাড়া আদায়, কৃত্রিম যানজট ও যাত্রী হয়রানি প্রতিরোধে রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে র্যাবের নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সাধারণ পোশাকেও র্যাবের বিপুল সংখ্যক গোয়েন্দা সদস্য মাঠে কাজ করছেন।
র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বিশেষায়িত বোম্ব ডিসপোজাল টিম সর্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ঈদুল আজহা-পরবর্তী সময় পর্যন্ত এই কঠোর নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
যশোর ও নড়াইল জেলার সাধারণ জনগণ এবং দূর-দূরান্ত থেকে আসা পশু ব্যবসায়ীদের যেকোনো জরুরি প্রয়োজনে বা সন্দেহের উদ্রেক হলে তাৎক্ষণিকভাবে র্যাবের কন্ট্রোল রুমে যোগাযোগ করার আহ্বান জানান এই কর্মকর্তা।