পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ডিসিআর পাওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিনের দখলি সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। তবে, পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার লস্কর ইউনিয়নের কেওড়াতলা মৌজার লক্ষ্মীখোলা গ্রামের বাসিন্দা ইকবাল কাগজী নব্বই দশক থেকে প্রায় সাত বিঘা জমিতে চিংড়ি ও ধান চাষ করে আসছেন। এর মধ্যে ৭৩ শতক ভিপি (ভেস্টেড) জমি বাংলা ১৩৮৫ সাল থেকে ১৪৩২ সাল পর্যন্ত ডিসিআর মূলে ভোগদখলে রয়েছে বলে দাবি করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ওই ৭৩ শতক জমির ডিসিআর পাওয়ার লক্ষ্যে এবং জমির দখল প্রমাণের উদ্দেশ্যে বুধবার সকালে জামায়াত নেতা মাহবুবুর রহমান মন্টু কাগুজী লোকজন নিয়ে ঘেরের পাশের রাস্তার ওপর একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় ঘেরের মালিক আলহাজ ইকবাল কাগুজী বাধা প্রদান করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ইকবাল কাগুজী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।
ইকবাল কাগুজী বলেন, ‘আমি এবং আমার পূর্বসূরিরা প্রায় ৪৭ বছর ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছি। মোট সাত বিঘা জমির মধ্যে ৭৩ শতক ভিপি সম্পত্তি রয়েছে। চলতি বছর ওই জমির ডিসিআরের জন্য আবেদন করেছি। মন্টু কাগজীও একই জমির ডিসিআর পাওয়ার উদ্দেশ্যে আমার আবেদনের বিরুদ্ধে আপত্তি দিয়ে পৃথক আবেদন করেছেন।’
জমি দখলের বিষয়ে জামায়াত নেতা মাহবুবুর রহমান মন্টু কাগজী বলেন, ‘ভূমি অফিস থেকে বলেছে, জমি দখলে না থাকলে ডিসিআর পাওয়া যাবে না। সেজন্য দখলে গিয়েছিলাম। আমি জামায়াতের রাজনীতি করি, কিন্তু বর্তমানে কোনো পদে নেই।’
পাইকগাছা পৌরসভার মেয়র প্রার্থী জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু বলেন, মন্টু জামায়াতের শ্রমিক সংগঠনের নিচের দিকে পদে আছেন।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি বলেন, ওই জমির ডিসিআরের জন্য উভয়পক্ষ আবেদন করেছে। বিষয়টি শুনানির মাধ্যমে যাচাই-বাছাই করা হবে। প্রকৃত দখল ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ডিসিআর প্রদান করা হবে।