স্টাফ রিপোর্টার
, যশোর
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসা এক আসামিকে প্রিজনার্স ভ্যানে মাদক ছুঁড়ে দেওয়ার সময় দুই যুবককে আটক করেছে কোর্ট পুলিশ।
ঘটনাটি বুধবার বিকেলে আদালত চত্বরে ঘটে। এ ঘটনায় আটক দুইজনসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
আটককৃতরা হলেন, যশোর শহরের চাঁচড়া রায়পাড়া ডালমিল এলাকার হাসান গাজীর ছেলে শাহাজান গাজী এবং শংকরপুর এলাকার আলমগীরের ছেলে দিপু।
আদালত সূত্রে জানা যায়, পুরাতন কসবা কাজীপাড়া এলাকার অভি ইসলাম প্রান্ত নামে এক যুবক একটি মামলায় কারাগার থেকে আদালতে হাজিরা দিতে এসেছিলেন। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাকে ফের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর জন্য প্রিজনার্স ভ্যানে তোলা হয়।
এ সময় শাহাজান ও দিপুর সহযোগিতায় একটি ছোট পোটলা প্রান্তের উদ্দেশ্যে প্রিজনভ্যানে ছুঁড়ে মারা হয়। ঘটনাটি পুলিশের নজরে এলে তাৎক্ষণিকভাবে পোটলাটি উদ্ধার করে। পরে পোটলাটি খুলে ছয় পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই দুই যুবককে আটক ও বিষয়টি কোর্ট ইন্সপেক্টরকে অবহিত করা হয়।
এ বিষয়ে সদর কোর্টের জিআরও এসআই খাইরুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে।
মামলায় অভি ইসলাম প্রান্তসহ তিনজনকে আসামি করা হয়েছে। একই সঙ্গে তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে।