মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে চারজন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক ঠেলে দেওয়ার) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার ভোরে সীমান্ত শূন্যরেখার ওপারে ওই চার ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাৎক্ষণিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান নেওয়ায় তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা প্রদান করা হয়।
সর্বশেষ খবর অনুযায়ী, পুশইনের শিকার ওই চারজন বর্তমানে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী স্থানে কাঁটাতারের এপারে নো-ম্যানসল্যান্ডে অবস্থান করছেন। বিএসএফের এই পুশইন প্রচেষ্টা প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীও সীমান্ত শূন্যরেখার কাছাকাছি সতর্ক অবস্থানে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফ কর্তৃক ঠেলে দেওয়া ওই চারজনের মধ্যে একজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন। তবে এখনো পর্যন্ত তাদের নাম-পরিচয় বা নাগরিকত্ব সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।
বাংলাদেশের এই সীমান্ত এলাকাটির ঠিক ওপাশেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার তেহট্ট থানার নাটনা বিএসএফ ক্যাম্প অবস্থিত। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ওই এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে।