সাতক্ষীরা প্রতিনিধি
মুষলধারে বৃষ্টি থামিয়ে রাখতে পারেনি সাতক্ষীরার ফুটবলপ্রেমী মানুষকে। জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা উপভোগ করতে স্টেডিয়ামে হাজির হন কয়েক হাজার দর্শক।
বহুদিন বাদে জেলা পর্যায়ে এতো বড় ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন করায় খেলা অনুরাগী ও স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে।
সোমবার বিকেল ৪টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন।
জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, পৌরসভার প্রধান নির্বাহী আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কণক এবং সাবেক ফিফা রেফারি তৌয়েব হাসান শামসুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শ্যামনগর উপজেলা একাদশ ও কলারোয়া উপজেলা একাদশ।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় কলারোয়া উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে শ্যামনগর উপজেলা দল।
সকাল থেকেই সাতক্ষীরাজুড়ে টানা বৃষ্টিপাত শুরু হয়। বিকেলেও একই ধারা থাকলেও খেলাপাগল মানুষের উচ্ছ্বাসে কোনো কমতি ছিল না। কেউ ছাতা মাথায় দিয়ে, আবার কেউ বৃষ্টিতে ভিজে মাঠের চারপাশ ও গ্যালারিতে অবস্থান নিয়ে খেলা উপভোগ করেন। বহুদিন পর জেলা স্টেডিয়ামে ফুটবলকে ঘিরে দর্শকদের এমন নজরকাড়া সমাগমে পুরো এলাকা উৎসবে মেতে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন বলেন, দীর্ঘদিন মানুষ খেলাধুলা থেকে অনেকটা দূরে ছিল। একটি সুগঠিত দেশ ও জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। সাতক্ষীরা ক্রীড়াঙ্গনের জন্য একটি অত্যন্ত উর্বর ভূমি। তরুণ প্রজন্মকে মাদক ও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তাদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা জরুরি।