লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। একই রাতে চোরের দল পৌরসভার একটি এলাকা থেকে বিদ্যুৎ সঞ্চালনের ট্রান্সমিটার চুরি করে নিয়ে গেছে।
ট্রান্সমিটার চুরির ফলে ওই এলাকার ২২টি পরিবার বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ বিশ্বাস জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত চোরের দল তার কার্যালয়ের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
চোরেরা স্টিলের আলমারি ভেঙে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে এবং নগদ ৩/৪ হাজার টাকা, ফ্যান, ইলেকট্রিক তার, ওয়াই-ফাই রাউটার ও ‘অনু’সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে অফিসে এসে চুরির বিষয়টি জানাজানি হয়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
একই রাতে চোর চক্র লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সিঙ্গা এলাকা থেকে ১০ কেভির একটি বিদ্যুৎ ট্রান্সমিটার চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া এই ট্রান্সমিটারটির আনুমানিক মূল্য প্রায় ৮৫ হাজার টাকা।
এই চুরির ঘটনার পর থেকে পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে ২২টি পরিবারের দৈনন্দিন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
চুরির ঘটনায় বুধবার সকালে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, "পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।