যশোরের বেনাপোলে প্রায় নয় বছর আগের একটি মাদক মামলায় মোছাঃ মামনী খাতুন নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক মোসাঃ ফৌজিয়া হাফসা এ রায় ঘোষণা করেন।
মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের বাগে জান্নাত এলাকার পেছনে অবস্থিত আসামির দুই তলা বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি।
৪৯/বি কোম্পানি আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে বাড়ির দ্বিতীয় তলার শোবার ঘরে খাটের নিচে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বেনাপোল পোর্ট থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষ মনে করছে, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও ব্যবসা নিয়ন্ত্রণে আদালতের এই অবস্থান অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।