সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে সংবাদকর্মীর ওপর হামলা ও পরবর্তীতে উল্টো ভুক্তভোগীদের নামেই পাল্টা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। কর্মসূচি থেকে প্রকৃত হামলাকারীদের গ্রেপ্তার এবং সদর থানার ওসিকে প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল ১১টায় শহরের নিউ মার্কেট শহীদ আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইনের সঞ্চালনায় এতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক এসএম জুলফিকার আলী জিন্নাহর ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করে উল্টো ভুক্তভোগী ও ঘটনাস্থলে অনুপস্থিত থাকা সাংবাদিকদের নামেও মামলা দেওয়া হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক।
বক্তারা অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রি অফিসের একটি প্রভাবশালী সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে।
মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপী, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। তারা হুঁশিয়ারি দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।