স্টাফ রিপোর্টার
, যশোর
নড়াইলের কালিয়া উপজেলার জয়পুর গ্রামে বাড়িতে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার আসামি ফারুক শেখকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফারুক শেখ কালিয়া উপজেলার জয়পুর গ্রামের সদর আলী শেখের ছেলে। র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা র্যাব-৪ এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
র্যাব-৬, যশোর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ জুলাই রাত সাড়ে ১০টার দিকে একদল ডাকাত কালিয়া উপজেলার জয়পুর গ্রামের খন্দকার শফিকুল ইসলামের চারতলা বাড়িতে প্রবেশ করে। পরে তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে এবং স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় কালিয়া থানায় একটি ডাকাতি মামলা হয়। মামলার তদন্তে ফারুক শেখকে সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ফারুক শেখের বিরুদ্ধে কালিয়া থানায় আরও তিনটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।