স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। এ ঘটনায় সুজল মজুমদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে হাসপাতাল ক্যাম্পের পুলিশ।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।
আটক সুজল মজুমদার চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সত্য মজুমদারের ছেলে।
অভিযোগকারী ওই নারী যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া এলাকার বাসিন্দা।
অভিযোগকারী শিক্ষার্থী জানান, চর্মরোগের চিকিৎসার জন্য তিনি যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসক দেখাতে যান।
এ সময় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের ১৪ নম্বর কক্ষের সামনে চিকিৎসকের কাছে দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তার পেছনে দাঁড়িয়ে ছিলেন সুজল মজুমদার।
একপর্যায়ে তিনি পেছন দিক থেকে ওই শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ করেন তিনি।
বিষয়টি নিয়ে ওই নারী অভিযোগ করলে হাসপাতালে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুজল মজুমদারকে আটক করে হেফাজতে নেন।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ঘটনা শুনে পুলিশ তাকে আটক করেছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।