মাগুরা প্রতিনিধি
মাগুরায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা সেবনের সময় দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে মাগুরা সদর উপজেলার বরই ও বরুনাতৈল এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
আটকরা হলেন, মাগুরা সদর উপজেলার বরই গ্রামের মো. আজহারুল ইসলাম (৩৩) এবং বরুনাতৈল গ্রামের মো. তৈয়বুর রহমান (২১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা কার্যালয় সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযান পরিচালনা করে গাঁজা সেবনের সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আজহারুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং তৈয়বুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন আটক দুজনের বিরুদ্ধে দুটি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, মাগুরায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে মাদক সেবনের সময় দুজনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাগুরায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।