কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ারসহ আসামি ৪২
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে 'জয় বাংলা' স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৪২ নেতাকর্মীর নামে থানায় নাশকতার মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের অধিকাংশের বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে , ১৪ আগস্ট রাতে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের এড়েন্দা বাসস্ট্যান্ডের পশ্চিমপাশে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও কাঠের গুঁড়ি ফেলে 'জয় বাংলা' স্লোগান দেয় অভিযুক্তরা। রাতেই এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ১৬ আগস্ট উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের হাসান মোল্যা বাদী হয়ে লোহাগড়া থানায় নাশকতার অভিযোগ এনে এ মামলা দায়ের করেন।
মামলায় কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান, মুজিবুর রহমান, নাহিদ মোল্লা ও হৃদয় শেখসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। মামলা নম্বর- ১২।, তারিখ-১৬/৮/২৬।
মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই কুমারেশ বিশ্বাস জানান, দায়েরকৃত আসামিরা গা ঢাকা দেওয়ায় কোন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামিদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা হয়েছে এবং আসামিদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।