শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
জুলাই মাসে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, মামলা তদন্ত ও নিষ্পত্তিসহ সার্বিক কর্মকাণ্ডের মূল্যায়নের ভিত্তিতে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজিত মাসিক সভায় শাফিউল পাঠোয়ারীর হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার (এসপি) আবু সালেহ আশরাফুল আলম আনুষ্ঠানিকভাবে তার হাতে এই উপহার তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জুলাই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, মামলা তদন্ত ও নিষ্পত্তি এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখাসহ বিভিন্ন সূচকে শ্যামনগর থানার কার্যক্রম মূল্যায়ন করা হয়। এসব কার্যক্রমের ভিত্তিতেই শাফিউল পাঠোয়ারীকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।
বিভিন্ন অভিযানে দক্ষতার সঙ্গে দায়িত্বপালন করায় একই অনুষ্ঠানে শ্যামনগর থানার এসআই আনোয়ার, এসআই সুদীপ, এএসআই নবী ও এএসআই জাফরকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিথুনসহ জেলার বিভিন্ন থানার ওসি ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় শাফিউল পাঠোয়ারী বলেন, এ অর্জন শ্যামনগর থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের সেবায় আরও আন্তরিকতার সঙ্গে কাজ করব।