স্টাফ রিপোর্টার
, যশোর
বৃদ্ধা মাকে ভরণ-পোষণ না দেওয়া এবং মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সদর উপজেলার গোয়ালদহ গ্রামের মৃত আদম আলীর স্ত্রী রোকেয়া বেগম (৭৪) বাদী হয়ে মামলাটি করেন।
বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন, রোকেয়া বেগমের ছেলে মনিরুজ্জামান সুমন এবং পুত্রবধূ সারজিনা খাতুন। তারা বর্তমানে যশোর সদর উপজেলার আরবপুর খোয়া রাস্তার পাশে একটি ভাড়া বাসায় বসবাস করেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, রোকেয়া বেগম তার পৈত্রিক সম্পত্তি এবং স্বামীর ভিটাবাড়ি বিক্রি করে পাওয়া অর্থ ছেলেকে দেন। ওই অর্থের সহায়তায় মনিরুজ্জামান সুমন ও তার স্ত্রী আরবপুর এলাকায় ইট, বালু ও খোয়ার ব্যবসা শুরু করেন। কিন্তু পরবর্তীতে তারা বাদী ও তার প্রতিবন্ধী মেয়েকে নিজেদের বাসায় আশ্রয় দিতে অস্বীকৃতি জানান এবং কোনো ধরনের ভরণ-পোষণও প্রদান করেননি।
অভিযোগে আরও বলা হয়, ভরণ-পোষণ দাবি করলে রোকেয়া বেগমকে মারপিট করে বাসা থেকে বের করে দেওয়া হয়। এর ফলে গত ৭ মে তিনি তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পিতার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন।
গত ১০ জুন বিকেলে রোকেয়া বেগম ও তার মেয়ে পুনরায় আসামিদের বাসায় গেলে তাদের আবারও মারপিট করে তাড়িয়ে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে ১২ জুন স্থানীয়ভাবে মিমাংসার উদ্দেশ্যে আসামিদের বাদীর পিতার বাড়িতে ডাকা হলেও তারা ভরণ-পোষণ দিতে অস্বীকৃতি জানিয়ে সেখান থেকে চলে যান।
এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে বিচারক অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।