স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের পুরাতন কসবার ঢাকা রোড এলাকায় নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড অফিস থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে অফিস পরিষ্কার করার সময় বস্তুটি দেখতে পান রক্ষণাবেক্ষণকারী মোহাম্মদ শাহিন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে অফিস পরিষ্কার করার সময় একটি বেঞ্চ সরাতে গিয়ে ইটের ফাঁকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ বস্তুটি দেখতে পান শাহিন। তিনি বিষয়টি স্থানীয় ব্যবসায়ী শরিফুল ইসলামকে জানান। খবর পেয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা ঘটনাস্থলে আসেন।
পরে কোতোয়ালী মডেল থানায় খবর দেওয়া হলে এসআই ফজলুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।
এসআই ফজলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বস্তুটি কার্যালয়ের ভেতরে রেখে যেতে পারে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন দাবি করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।