কয়রা (খুলনা) প্রতিনিধি
সুন্দরবন থেকে পাচারের সময় ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার রাতে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সদস্যরা নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই দুই এলাকা থেকে মোট ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- দাকোপ উপজেলার শহিদুল গাজী (৪২) ও রসুল গাজী (২৩)। কোস্ট গার্ড জানিয়েছে, তারা অবৈধভাবে হরিণের মাংসের ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িত।
পরে জব্দ করা হরিণের মাংস ও আটক দুই ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন পশ্চিম বনবিভাগের নলিয়ান ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে।