খুলনা অফিস
খুলনা সিটি কর্পোরেশন ভবনে (নগর ভবন) পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নগর ভবনে দায়িত্বরত নাইটগার্ড নূর ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা ভবনে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। সেটি ভবনের মূল সিঁড়িতে পড়ার পরপরই আগুন ধরে যায়। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পাশের একটি ভবনের দারোয়ান জানান, মোটরসাইকেলে করে দুজন যুবক এসে এ হামলা চালান। হামলাকারীরা কেসিসি ভবনের বাইরের দেয়ালে লাল কালি দিয়ে ‘যুবলীগ’ লিখে পালিয়ে যান।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।