ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যক্রমের সমন্বয় সাধনের লক্ষ্যে যশোরের ঝিকরগাছা উপজেলায় একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলোতে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, বাজারদর নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সোমবার (১৫ জুন) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
পরে একই জায়গায় উপজেলা মাসিক সমন্বয় সভা, সামাজিক সম্প্রীতি কমিটির সভা এবং এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
পৃথক এসব সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, চৌগাছা-ঝিকরগাছা আসনের জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম এবং আনসার ও ভিডিপি কর্মকর্তা স্বপ্না পারভীন।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার, মাদক ও জুয়া নির্মূলে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়ন, বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিকাহ রেজিস্টারদের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বাজারদর নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
একই দিনে উপজেলা ইনোভেশন কমিটির সভা, তথ্য অধিকার বাস্তবায়ন, তদারকি (সুপারভিশন) ও পরিবীক্ষণ বিষয়ক উপজেলা কমিটির দ্বি-মাসিক সভাসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে সুশাসন, সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।