চুয়াডাঙ্গা প্রতিনিধি
ভোক্তা অধিকারের অভিযানে বিভিন্ন অভিযোগে জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৭ জুন) জীবননগর বাজার এলাকায় সার,বীজ, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতা করেন জেলা বীজ ও প্রত্যায়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

অভিযানে অংশ নেওয়া ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, জীবননগরে সার, বীজ, চাউল ও ওষুধসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় মূল্য তালিকা হালনাগাদ না করার অপরাধে আশরাফুল স্টোরের স্বত্বাধিকারী আশরাফুল হককে ৫ হাজার টাকা, বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য তথ্য না থাকায় জয়া বীজ ভান্ডারের মালিক আব্দুল হাকিমকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও লাইসেন্স ব্যাতিত ব্যবসা পরিচালনার দায়ে এরিন চাউল ঘরের মালিক আব্দুল আলীমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ৩ টি প্রতিষ্ঠানে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।