স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) বেলা ১১টা ৩৫ মিনিটে এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো এবং আশিস কুমার দাস এই অভিযানে নেতৃত্ব দেন। এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আহসান কবির (বাপ্পি) এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে হাসপাতাল এলাকায় অবৈধভাবে পার্কিং করা একটি অ্যাম্বুলেন্সের (চট্টগ্রাম-ছ ৭১-০০০১) চালককে চ্যালেঞ্জ করেন আদালত। চালক মো. আবুল কালাম আজাদ (৩০) গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৭২ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডিত চালক শহরের ঘোপ জেল রোড এলাকার আব্দুল মান্নানের ছেলে।
আদালত হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট মালিকদের কঠোর নির্দেশ প্রদান করেন। এছাড়া হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন ওয়ার্ড ও চত্বর পরিদর্শন করেন ম্যাজিস্ট্রেটরা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে দালাল চক্র নির্মূল, অবৈধ পার্কিং এবং অনিয়ম প্রতিরোধে জেলা প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।