ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় বাজারকেন্দ্রিক তীব্র যানজট স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, চালক ও সাধারণ মানুষ। যানজট কমাতে পৌর কর্তৃপক্ষের পরামর্শে বাজার পরিচালনা কমিটি ও স্থানীয় নেতারা সম্প্রতি মাঠে নেমে চালকদের সচেতন করেন এবং মহাসড়কে অযথা দাঁড়িয়ে থাকা যানবাহন সরিয়ে দেন।
সরেজমিনে দেখা যায়, ঝিকরগাছা বাজারের বিভিন্ন জায়গায় কয়েকশ’ ভ্যান, ইজিবাইক ও জেএসওয়াই ঘণ্টার পর ঘণ্টা সড়কের ওপর অবস্থান করছে। অনেক যানবাহন মহাসড়কের মাঝ বরাবর দাঁড়িয়ে থাকায় যানচলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, বাড়ছে পথচারী ও যাত্রীদের দুর্ভোগ।
স্থানীয়রা জানান, যানজট নিরসনে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ এর আগেও একাধিকবার উদ্যোগ নিয়েছে। তবে অভিযান বা সচেতনতামূলক কার্যক্রমের এক-দুই দিন পরই পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে যায়। ফলে স্থায়ী সমাধানের জন্য এর আগে নেওয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কিছুদিন আগে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা ও বাজার পরিচালনা কমিটির উপস্থিতিতে পৌরসভায় অনুষ্ঠিত এক সভায় যানজট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বাজারের তিন পাশে নিরাপদ দূরত্বে নির্দিষ্ট স্ট্যান্ড নির্মাণ করা হবে। বাজারের ভেতরে সীমিতসংখ্যক যানবাহন থাকবে এবং অন্যগুলো নির্ধারিত স্ট্যান্ডে অবস্থান করবে। সেখান থেকে সিরিয়াল অনুযায়ী প্রয়োজনীয় যানবাহন মহাসড়কের পাশে প্রবেশ করবে।
উদ্যোক্তারা মনে করছেন, ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে ঝিকরগাছা বাজারের মহাসড়কে যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। একইসঙ্গে দরিদ্র ভ্যান, ইজিবাইক ও অন্যান্য যানবাহনের চালকদের আয়ের পথও বন্ধ হবে না। সাধারণ মানুষকে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া সম্ভব হবে।
এজন্য সভায় নেওয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বাজারকেন্দ্রিক যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসক ও পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জানান, বর্তমানে নির্ধারিত স্ট্যান্ডগুলো থেকে পৌরসভা, বাজার কমিটি কিংবা কোনো রাজনৈতিক নেতাকর্মী চালকদের কাছ থেকে কোনো অর্থ আদায় করছেন না। ২০২৪ সালের ৫ আগস্টের আগে যারা স্ট্যান্ড থেকে টাকা আদায় করতেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তা বন্ধ করে স্ট্যান্ডগুলো উন্মুক্ত করে দেন। বর্তমানে স্ট্যান্ডগুলো উন্মুক্ত রয়েছে বলেও জানানো হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনিক উদ্যোগ, পৌর কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থাপনা এবং বাজার কমিটি ও চালকদের সমন্বিত প্রচেষ্টায় ঝিকরগাছা বাজারের মহাসড়ক যানজটমুক্ত করা সম্ভব। এতে স্বাভাবিক হবে যান চলাচল, কমবে জনদুর্ভোগ এবং বাজারকেন্দ্রিক জনজীবনে ফিরবে স্বস্তি।