স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর ইনস্টিটিউটের উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (১৫ আগস্ট) যশোর ইনস্টিটিউট চত্বরে ভ্রাম্যমাণ বইমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর ইনস্টিটিউটের কার্যক্রম আরও সমৃদ্ধ ও আধুনিক করতে নিয়মিত বই কেনা এবং প্রয়োজনীয় আসবাবপত্র সংগ্রহের জন্য ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা অতি শিগগিরই বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, শিশু-কিশোরদের উপযোগী বিভিন্ন ধরনের বই সংগ্রহের পাশাপাশি যশোর ইনস্টিটিউটে পাঠকবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে শিশুরা বই পড়ার মাধ্যমে জ্ঞান ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারবে। একই সঙ্গে অভিভাবকরাও সন্তানদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বই পড়ার সুযোগ পাবেন।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, যশোর ইনস্টিটিউটকে শিশু, অভিভাবক ও সাধারণ পাঠকদের জন্য একটি প্রাণবন্ত জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করতে হবে। জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গঠনে বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি সর্বস্তরের মানুষকে বইমেলায় এসে বই কেনা ও পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, যশোর জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্বসাহিত্য কেন্দ্র ও যশোর ইনস্টিটিউটের সহযোগিতায় ১৫ থেকে ১৯ আগস্ট পর্যন্ত যশোর ইনস্টিটিউট চত্বরে ভ্রাম্যমাণ বইমেলা-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।