স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে যশোর পৌর কমিউনিটি সেন্টারে সংগঠনটির যশোর শহর শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ইসলাম শুধু নামাজ, রোজা, হজ ও যাকাতের মধ্যে সীমাবদ্ধ কোনো ধর্ম নয়; ইসলাম মানুষের পূর্ণাঙ্গ জীবনবিধান। তরুণ ছাত্রসমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে তাদের ইসলামী জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে তা অনুশীলনের জন্য দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, কোরআন শুধু ঘরে তুলে রাখা কিংবা বিশেষ সময়ে তিলাওয়াতের জন্য নয়; এটি মানুষের জীবন পরিচালনার পথনির্দেশ। তাই তরুণদের নিয়মিত কোরআন অধ্যয়ন, ইসলামী জ্ঞান অর্জন এবং সেই জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। ব্যক্তিজীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের নৈতিক ও মানবিক শিক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে।
নূরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, ইসলামী ছাত্রশিবির শুধু প্রচলিত রাজনৈতিক ছাত্রসংগঠন নয়; এটি জ্ঞান, চরিত্র, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব তৈরির একটি প্রতিষ্ঠান। শুধু কথা বা স্লোগানে নয়, নিজেদের চরিত্র ও আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে।
‘জাহেলি আঁধার পেরিয়ে এসেছে দিন বদলের বাঁক, পৃথিবী আবার গড়তেই হবে নয়া আজাদির ডাক’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও যশোর শহর শাখার সভাপতি উবাইদুল্লাহ হুসাইন।
প্রধান মেহমানের বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূল বলেন, একটি দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ভর করে তরুণ প্রজন্মের ওপর। তাই তরুণদের জ্ঞান, নৈতিকতা, সততা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে। অন্যায়, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ড. জায়েদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষায়ও সমৃদ্ধ হতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠন ও সমাজের প্রতি দায়িত্বশীলতার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক প্রভাষক মনিরুল ইসলাম বলেন, তথ্য ও প্রযুক্তির প্রসারের ফলে তরুণ সমাজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ অবস্থায় সত্য, ন্যায় ও নৈতিকতার পথে তরুণদের পরিচালিত করতে সঠিক জ্ঞান ও আদর্শিক শিক্ষার প্রয়োজন।
সভাপতির বক্তব্যে উবাইদুল্লাহ হুসাইন বলেন, দেশ ও সমাজের পরিবর্তনের জন্য আদর্শবান, সৎ ও দক্ষ তরুণ নেতৃত্ব প্রয়োজন। ইসলামী ছাত্রশিবির সেই নেতৃত্ব তৈরিতে কাজ করে যাচ্ছে। তিনি নেতাকর্মীদের জ্ঞান অর্জন, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশের পাশাপাশি ছাত্রসমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি ইসমাইল হোসেন ও জেলা পূর্ব শাখার সভাপতি মিনারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর শহর শাখার সেক্রেটারি খালিদ ইবনে খলিল।
কর্মী সম্মেলনে ইসলামী ছাত্রশিবিরের যশোর শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।