সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কৈখালী গ্রামের একটি সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় রোববার (১৬ আগস্ট) দুপুরে কাদাযুক্ত সড়কে ধান রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ জানান স্থানীয় যুবক ও বাসিন্দারা।
স্থানীয়রা জানান, কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের মরহুম আলহাজ আদম গাজীর কেয়ার নামে পরিচিত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের ওপর পানি জমে হাঁটুসমান কাদার সৃষ্টি হয়। এতে পথচারীসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
দীর্ঘদিনেও সড়কটির সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা ব্যতিক্রমী প্রতিবাদ হিসেবে কাদায় ধান রোপণ করেন।
স্থানীয় রফিকুল ইসলামের ছেলে মো. এবাদুল ইসলাম বলেন, আমরা উপকূলীয় এলাকায় বসবাস করি। আমাদের ভোগান্তির শেষ নেই। ছোটবেলা থেকেই দেখে আসছি, আমাদের একমাত্র চলাচলের রাস্তাটি চরম অবহেলিত। দীর্ঘ বছরেও এতে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্ষাকালে রাস্তায় হাঁটুসমান কাদা সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে জরুরি রোগীকে হাসপাতালে নেওয়ারও সুযোগ থাকে না।
তিনি আরও বলেন, বাধ্য হয়ে বিকল্প হিসেবে নদীপথে ট্রলারে করে রোগী নিয়ে যেতে হয়। এতে সময় বেশি লাগার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও থাকে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। এ কারণে বাধ্য হয়ে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানানো হয়েছে। দ্রুত সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাই।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুর রশিদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি এলাকাবাসীর প্রতিবাদের বিষয়টি জানতে পেরেছেন। সড়কটি দ্রুত কার্পেটিং করা হবে বলেও জানান তিনি।
কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ‘বিজিবি সড়ক’ নামে রাস্তাটি কার্পেটিংয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েছিলাম। কিন্তু একটি পক্ষ সড়কটি কর্তন করে অন্য স্থানে নিয়ে যায়। বর্তমানে রাস্তাটি ‘সীমান্ত সড়ক’ নামে কার্পেটিংয়ের অনুমোদন পেয়েছে। খুব দ্রুতই দৃশ্যমান কাজ শুরু হবে।