কুষ্টিয়া প্রতিনিধি
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দল। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে প্রতিনিধি দলের সদস্যরা পুড়ে যাওয়া ঘরগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করছেন। কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্তি দেওয়া যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ‘কুষ্টিয়া রক্ষার’ কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আগুনের ঘটনা শর্ট সার্কিট থেকেও হতে পারে।’
সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, ‘আমি এখনো মনে করি এ ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি। তাদের পক্ষ থেকে দায় স্বীকারের দাবি, ঘটনাটি নিয়ে উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার বিষয়গুলো দেখে আমার বিশ্বাস, এটি তাদেরই কাজ।’
মামলার অগ্রগতির বিষয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘গতকাল থানায় এজাহার দিয়ে মামলা করার সময় একজন আসামির অবস্থান ও মোবাইল নম্বরসহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) জানিয়েছিলাম। আশা করেছিলাম, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাব। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি।’

তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ক্ষোভ জানিয়ে নুসরাত তাবাসসুম আরও বলেন, ‘কোনো দুর্ঘটনা কিংবা নাশকতার ঘটনা ঘটলে তা কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত—তদন্তের মূল গুরুত্ব হওয়া উচিত সেসব বিষয়ে। কিন্তু সেদিকে গুরুত্ব না দিয়ে বাড়িটি কাঁচা নাকি পাকা, পরিত্যক্ত কি না, সেখানে কারা বসবাস করতেন কিংবা গরু-ছাগল থাকত কি না, এসব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এ ধরনের আলোচনার আমি তীব্র নিন্দা জানাই।’
পরিদর্শনকালে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর এবং এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার তিনি নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন।