স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরতলীর শেখহাটি এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক নেতা কাজী তৌহিদুর রহমান জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জুয়েলের বাবা কাজী আলমগীর হোসেন আলমকে আটক করা হয়।
পরে তাকে যশোর আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) রাতে গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদের নেতৃত্বে ডিবির একটি দল সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শেখহাটি পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়েলের সীমানাপ্রাচীর ঘেরা দোতলা বাড়ি ও সংলগ্ন টিনশেড ঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাড়ির সঙ্গে যুক্ত টিনশেড রান্নাঘরের চালের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি এবং এক রাউন্ড ওয়ান শুটার গানের গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল পালিয়ে যান। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত মোট ১৪টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় পলাতক জুয়েলকে আসামি করে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে এলাকায় আধিপত্য বিস্তার করে জুয়েল ও তার বাবা নানা অপকর্মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসগুলো তার নিয়ন্ত্রণে ছিল। সে সময় তাদের বিরুদ্ধে এলাকাবাসী একাধিকবার আন্দোলন করলেও প্রভাব খাটিয়ে তা দমন করা হতো। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাবা ও ছেলে দুজনই আত্মগোপনে চলে যান। তবে সম্প্রতি এলাকায় গোপনে ফিরে তারা আবারও তৎপরতা চালানোর চেষ্টা করছিলেন।
অভিযানে ডিবির উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন, এসআই রকি মণ্ডল, এসআই বাবলা দাস ও এসআই মো. কামরুজ্জামানসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।