বাজারদর
শাহারুল ইসলাম ফারদিন
, যশোর
‘বাজারে এসে দেখি কিছু সবজির দাম কমেছে। কিন্তু মাছ কিনতে গেলেই হিসাব মেলানো কঠিন হয়ে পড়ে’
শুক্রবার সকালে যশোরের বড়বাজারে বাজার করতে এসে এভাবেই নিজের অসহায়ত্বের কথা বলছিলেন রাজিয়া সুলতানা।
শুধু তিনি নন, বাজারে আসা অনেক ক্রেতার অভিজ্ঞতাও প্রায় একই। শীতের আগাম সবজিতে কিছুটা স্বস্তি মিললেও বাজারের সামগ্রিক খরচ কমছে না। ফুলকপি, বেগুন, বাঁধাকপি, শিমসহ কয়েক ধরনের সবজির দাম আগের তুলনায় কমেছে। কিন্তু সেই স্বস্তি অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে মাছ, মাংস, চাল, ডাল ও মসলার চড়া দামে। ফলে অনেক ক্রেতাকেই কেনাকাটার তালিকা ছোট করতে হচ্ছে।
সকালে যশোর শহরের বড়বাজার, পালবাড়ি কাঁচাবাজার ও চুড়ামনকাটি বাজার ঘুরে দেখা যায়, বাজারে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে। ফুলকপি, বেগুন, বাঁধাকপি, শিম, বরবটি, লেবু, গাজরসহ নানা সবজি বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগের তুলনায় কিছু সবজির দাম কমেছে।
পালবাড়ি বাজারের সবজি ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, শীতের সবজি উঠতে শুরু করায় বাজারে সরবরাহ বেড়েছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি ও শিমের দাম আগের তুলনায় কমেছে। কয়েক দিন আগেও বেশি দামে বিক্রি হওয়া কিছু সবজি এখন ক্রেতারা তুলনামূলক কম দামে কিনতে পারছেন। তবে সবজির দাম ওঠানামা করে। বাজারে সরবরাহ ও চাহিদার ওপর দাম নির্ভর করছে।
এখন প্রতি কেজি ফুলকপির কেজি ৫০, বেগুন ৬০, বাঁধাকপি ৪০, শিম ৫০ থেকে ৮০, বরবটি ৭০, পটল ৩০, ঢেঁড়স ৪০, কাঁচা মরিচ ৪০, শসা ৮০, কচুরমুখী ও লতি ৬০, ঝিঙে ৬০, গাজর ১৪০, মিষ্টিকুমড়া ৫০, উচ্ছে ৬০, আমড়া ৮০, পেঁপে ২৫ এবং কাঁচকলা মানভেদে ৪৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো ১০০ টাকা কেজি এবং লাউ ৩০ থেকে ৪০ টাকা পিস বিক্রি হচ্ছে। আর কাগজি লেবুর দাম বেশ বেশি—হালি ৪০ থেকে ৬০ টাকা।
সদরের বিজয়নগর গ্রামের সবজি চাষি সাদ্দাম হোসেন বলেন, মৌসুমের শুরুতে বৃষ্টিতে কয়েক দফা সবজির চারা নষ্ট হয়েছে। এতে কৃষকদের বাড়তি খরচ হয়েছে। এখন নতুন করে উৎপাদন শুরু হওয়ায় বাজারে আগাম শীতকালীন সবজি আসছে। তবে, উৎপাদন খরচ বিবেচনায় কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন কি না, সেটিও দেখতে হবে।
বাজার করতে আসা জাহিদ হাসান বলেন, সবজির দাম কমলে সাধারণ মানুষের কিছুটা সুবিধা হয়। কিন্তু বাজারের অন্য পণ্যের দাম বৃদ্ধিতে সংসারের খরচ কমানো যায় না। আগে নির্দিষ্ট টাকায় যে পরিমাণ বাজার করা যেতো, এখন একই টাকায় তার চেয়ে অনেক কম পণ্য কিনতে হচ্ছে।
মাছের বাজারে গিয়ে সবজির তুলনায় ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানে পাঙাস ১৮০, তেলাপিয়া ২২০, সিলভার কার্প ২৩০, রুই ৩২০, পাবদা ৩২০ এবং শিং ৩২০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিংড়ি ৮০০ থেকে এক হাজার ৩০০, দেশি কই ৯০০ এবং বেলে মাছ এক হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাংসের দামও ক্রেতাদের নাগালের বাইরে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ থেকে ২২০, সোনালি ৩২০, লেয়ার ৩৪০ এবং দেশি মুরগি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও দেশি মুরগি বলে যেগুলো বিক্রি করা হয়, সেগুলোর বেশিরভাগই দেশি নয়। গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ এবং খাসির মাংস এক হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতা রাজিয়া সুলতানা বলেন, মাছ, মাংস, চাল, তেলসহ প্রয়োজনীয় পণ্যের দামও কমতে হবে। বাজারে এসে এখন অনেক কিছু ইচ্ছা থাকলেও কেনা সম্ভব হয় না।
চালের বাজারে খুব একটা পরিবর্তন নেই। প্রতি কেজি মোটা চাল ৫৫, মিনিকেট ৬০, পাইজাম ৫০, ব্রি আটাশ ৫৫, নাজিরশাইল ১০০ এবং জিরা মিনিকেট ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজ ৫০ থেকে ৬০, আদা ২০০, দেশি রসুন ১২০ থেকে ১৪০ এবং আমদানি করা রসুন ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুকনা মরিচের কেজি ৪৫০ টাকা।
এছাড়া মুগ ডাল ১৮০, সরু মসুর ১৫০, মাঝারি মসুর ১০০, ছোলা ১২০ এবং চিনি ১১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেলের লিটার ১৯৫ টাকা। বিভিন্ন ব্রান্ডের পাঁচ লিটার শর্শের তেলের দাম এক হাজার ২০০ টাকা। ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস ১২ থেকে ১৪ টাকায়।