এম জুবায়ের মাহমুদ
, শ্যামনগর (সাতক্ষীরা)
সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী বাজারসংলগ্ন খোলপেটুয়া নদীর চরে ধীরে ধীরে গড়ে উঠছে স্থাপনা। কোথাও বাঁশ ও জিও ব্যাগ ফেলে ভরাট করা হচ্ছে, কোথাও আরসিসি পিলার বসিয়ে স্থায়ী অবকাঠামোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, গত কয়েক মাসে নদীর পূর্ব প্রান্তজুড়ে দখলের প্রবণতা অনেকটাই বেড়েছে।
মঙ্গলবার (১২ মে) সরেজমিনে নওয়াবেঁকী বাজার এলাকায় গিয়ে দেখা যায়, নদীর চরের প্রায় এক শো গজের বেশি অংশ বাঁশ ও জিও ব্যাগ দিয়ে ঘিরে বালু ফেলা হয়েছে। কিছু দূর এগিয়ে দেখা যায়, আরসিসি পিলার বসিয়ে ভরাটের পর সেখানে আটাল পাটা বিক্রি করছে। পাশেই নদীর চর ঘিরে বিশাল আকৃতির স্থাপনা তুলে পোলট্রির ব্যবসা পরিচালনা করা হচ্ছে। গোডাউনঘাট সংলগ্ন এলাকাতেও বড় পরিসরে পিলার বসিয়ে ভরাটের চিত্র দেখা যায়।
স্থানীয় সূত্র জানায়, নওয়াবেঁকী এলাকার নূর ইসলাম, রফিকুল ইসলাম (রফু), নওয়াবেঁকী বাজার মৎস্য আড়ৎ সমিতি, পোলট্রি ব্যবসায়ী সমিতি এবং বিড়ালাক্ষী এলাকার মফিদুল ইসলাম ও সিরাজুল ইসলাম নদীর চরের বিভিন্ন অংশ দখলে নিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অনেকে বলছেন, নদীর চরে একের পর এক স্থাপনা গড়ে উঠলেও তা বন্ধে কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। তাদের দাবি, প্রশাসনের অভিযান পরিচালনার পরও কিছুদিন বিরতি দিয়ে আবারও ভরাটের কাজ শুরু হয়।
স্থানীয় বাসিন্দা আরমান হোসেন বলেন, ‘কাজের খবর দিলে প্রশাসন আসে, অভিযানও চালায়। কিন্তু কিছুদিন পর আবার আগের মতো কাজ শুরু হয়ে যায়।’
আরেক বাসিন্দা ইব্রাহিম হোসেন বলেন, ‘ভূমি অফিস চাইলে নদীর চরে কেউ একটি বাঁশও পুঁততে পারতো না কেউ। কিন্তু বাস্তবে দখল থামছে না।’
এ বিষয়ে মফিদুল ইসলাম বলেন, ‘আমি ডিডিআর কেটেছি, তাই জায়গাটি ঘিরে রেখেছি।’
সিরাজুল ইসলাম বলেন, ‘অনেকে করছে, তাই আমিও করেছি।’
নওয়াবেঁকী বাজার মৎস্য আড়ৎ সমিতির নেতা আবুল হাসান বলেন, বাজারে যানবাহন রাখার জায়গা সংকট রয়েছে। সে কারণে সামান্য অংশ ভরাট করা হয়েছে।
পোলট্রি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, বাজারের পরিবেশ পরিষ্কার রাখতে নদীর চরের পাশে কার্যক্রম নেওয়া হয়েছে।
আটুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রতুল জোয়ারদার বলেন, ‘দখলের ঘটনায় একজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। নদীর চর রক্ষায় আমরা নিয়মিত নজরদারি করছি।’
বক্তব্য জানতে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের নাম্বারে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।