মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর থানার পাশে অবস্থিত বেবী প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় ছয়টি পোশাকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও মালামালসহ দশ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ভোররাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিকদের অভিযোগ, বিদ্যুৎ না থাকার সুযোগে রাতের কোনো এক সময় চোরেরা মার্কেটের দ্বিতীয় তলায় উঠে ছয়টি দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোকানগুলো থেকে নগদ টাকা ও বিভিন্ন ধরনের পোশাক নিয়ে যায়।
ব্যবসায়ীরা জানান, এর আগে বেবী প্লাজা মার্কেটে এ ধরনের চুরির ঘটনা ঘটেনি। সদর থানার পাশে থাকা মার্কেটে এমন ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
খবর পেয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খাইরুল এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুততম সময়ের মধ্যে চোর চক্রকে শনাক্ত ও আটকের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।