স্টাফ রিপোর্টার
, যশোর
হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ দেড় ডজনের বেশি মামলার আসামি এবং যশোরের যুবলীগ ক্যাডার সাইদুজ্জামান বাবু ওরফে ‘দাঁতাল বাবু’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার সহযোগী পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার রতন নামে এক যুবককেও গ্রেপ্তার করা হয়।
বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে যশোর শহরের মণিহার এলাকা থেকে উপশহর পুলিশ ফাঁড়ির সদস্যরা এই দুজনকে গ্রেপ্তার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব।
তিনি জানান, ‘দাঁতাল বাবু’ চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রামনগর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় সাইদুজ্জামান বাবু এজাহারভুক্ত আসামি।
দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় তিনি ও তার সহযোগীরা সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও পুলিশের দাবি।
আটক দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।