কয়রা(খুলনা)প্রতিনিধি
সুন্দরবনে কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি হরিণের চামড়া উদ্ধার করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সুন্দরবনের বজবজা বন টহল ফাঁড়ির অধীন ঝাপঝপিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব হরিণের মাংস ও বিভিন্ন আলামত জব্দ করেছেন কোস্টগার্ড ও বন কর্মকর্তারা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বিশেষ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে হরিণের মাংস, পা, মাথা ও দুটি হরিণের চামড়া জব্দ করা হয়েছে। এ ঘটনায় বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু রাড়ৈ বাদী হয়ে মামলা করেছেন।
কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. সাদেকুর রহমান জানান, উদ্ধারকৃত হরিণের মাংস, পা ও মাথা আদালতের অনুমতিক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।