সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বরের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, বরের পিতা উপজেলার নগরঘাটা এলাকার মো. নুরুল ইসলাম (৪৫) এবং কনের বাবা তালা সদরের মহল্লাপাড়া এলাকার শেখ সুমন (৩৬)।
জানা গেছে, মহল্লাপাড়া এলাকায় একটি বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে বর ও তার স্বজনরা পালিয়ে যান। তবে বাল্যবিয়ের আয়োজনের বিষয়টি প্রমাণিত হওয়ায় বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বরের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি নিশ্চিত করে জানান, সমাজে বাল্যবিয়ে প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।