চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও দুই কেজি গাঁজা উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সদস্যরা।
সোমবার (১৫ জুন) ভোর ৫টার দিকে গোপন সংবাদ পেয়ে দর্শনা উপজেলার কামারপাড়া গ্রামের একটি আমবাগানে এই অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদের নেতৃত্বে বারাদী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ৮১ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া গ্রামের আজিম উদ্দিন মাস্টারের আমবাগানে অবস্থান নেয়। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় আসামিবিহীন এই অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা (যার মধ্যে পিস্তলের মূল্য এক লাখ টাকা, গুলির মূল্য ২০০ টাকা এবং গাঁজার মূল্য সাত হাজার টাকা)।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।