চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নুপুর কর্মকার (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুপুর কর্মকার ওই এলাকার খোকা কর্মকারের মেয়ে। সে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, নুপুর পড়াশোনায় ভালো ছিল। তবে এবারের এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয় সে। মোবাইল ফোনে ফলাফল দেখার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে নুপুর। গত দুই দিন ধরে সে ঘর থেকে বের হচ্ছিল না। ফল প্রকাশের পর পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
বুধবার বিকেলে পরিবারের সদস্যরা নুপুরকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।