অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে মাদক মামলায় কারাগার থেকে জামিনে বেরিয়ে ফের মাদক কারবারে জড়ানোর অভিযোগে জিল্লুর রহমান পলাশ (৪৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জিল্লুর রহমান পলাশ উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত ওলিয়ার রহমান ও শুকুরোন বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিল্লুর রহমান পলাশের বিরুদ্ধে অভয়নগর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সম্প্রতি একটি মাদক মামলায় কারাগার থেকে জামিনে বেরিয়ে তিনি ফের মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই পিস ইয়াবা ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজাসহ জিল্লুর রহমান পলাশকে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। তিনি সাত দিন আগে একটি মাদক মামলায় কারাগার থেকে জামিনে বের হয়েছিলেন বলে জানান পেশকার। তার বিরুদ্ধে অভয়নগর থানায় একাধিক মাদক মামলা থাকার তথ্যও পুলিশ নিশ্চিত করেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদক পরিবহন ও সংরক্ষণের দায়ে এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’