সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোস্তাকিম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন। আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা-পারুলিয়া সড়কের শোভনালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মোমিন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোস্তাকিমসহ তিন যুবক একটি মোটরসাইকেলে করে অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, ওই যুবকেরা নিয়মিত ভ্লগিং ও টিকটক ভিডিও তৈরি করতেন এবং দুর্ঘটনার সময়ও তারা বেপরোয়া গতিতে ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বড় গাছে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই মোস্তাকিমের মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা অপর দুজন গুরুতর আহত হন।
খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত দুই যুবককে চিকিৎসার জন্য আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পাশাপাশি নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) তারিকুর রহমান শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত ও বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।