মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক র্যালি হয়েছে। শনিবার মহম্মদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বেদবতি মিস্ত্রি বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও পরিচ্ছন্নতার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. কাজী আবু আহসান বলেন, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত এবং আশপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে তিন দিনের বেশি পানি না জমে থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে।