মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে আপন ছোটভাইয়ের বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম সিজয় মাহমুদ আকাশ। তিনি গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকীর ছেলে। এই ঘটনার পর আকাশ পলাতক রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিজয় মাহমুদ আকাশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই ঘরের মূল্যবান মালামাল চুরি করে বিক্রি করতেন। সম্প্রতি তিনি জোরপূর্বক ঘরের কিছু আসবাবপত্র বিক্রি করে দিলে তার মা ও ছোট ভাইয়ের স্ত্রী মহম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি জানতে পেরে আকাশ ক্ষিপ্ত হয়ে ওঠেন।
শনিবার বিকালে তিনি ছোটভাই বিজয় মাহমুদ চাঁদের স্ত্রীকে গালিগালাজ করেন এবং বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে বিকেল ৫টার দিকে বৃষ্টির মধ্যে ছোটভাইয়ের বসতবাড়িতে আগুন ধরিয়ে দিয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যান।
আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
পরে খবর পেয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী ছোটভাইয়ের স্ত্রী কাজল কান্নাজড়িত কন্ঠে বলেন, 'নেশার টাকার জন্য ও (আকাশ) আমার সংসার ও মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও আগুন লাগিয়ে শেষ করে দিয়েছে। আমাদের আর কিছু অবশিষ্ট নেই। আমি অবিলম্বে এই মাদকাসক্ত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।'
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।